প্রবাস মেলা ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে যোগ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।