মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরবের মরুচাতালে যাত্রা শুরু করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
দেখতে দেখতে ১২ বছর অতিক্রম করে ১৩ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এ পর্যন্ত সংগঠনটি ২০টিরও বেশি নাটক প্রযোজনা করেছে।
প্রবাসের মাটিতে হাজারো দর্শকের সামনে রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রথম নাটক মঞ্চস্থ করে ২০১৪ সালের ২০ ও ২১ ডিসেম্বর। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস আয়োজিত দুই দিনব্যাপী বিজয় উৎসবে পরিবেশিত হয় নাটকটি।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ওরা বেঈমান’ ছিল সংগঠনটির প্রথম প্রযোজনা। নাটকটির নির্দেশনায় ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নাট্যাভিনেতা আরিফুর রহমান টিটু।
সেই থেকে আজ অবধি একঝাঁক যুবক, বয়োবৃদ্ধ, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি। প্রবাসে নিজেদের চাকরি ও পড়াশোনার পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে তারা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
সংগঠনের শুরু থেকে যাঁরা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে ছিলেন, তাঁদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
এক যুগ পূর্তি উপলক্ষে আগামী ১৩ নভেম্বর, শুক্রবার, রিয়াদের স্থানীয় সময় রাত ৯টায় শিফায় অবস্থিত রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আল রিমাস অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘মলুয়া সুন্দরী’। নাটকটি উপভোগ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বর্তমান সভাপতি মসী সিরাজ।
নাটকটি রচনা করেছেন তুহিন অবন্ত। রূপান্তর ও নাট্যনির্দেশনায় রয়েছেন এজহারুল হক মিজান। নাটকটি পরিবেশনা করবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।