মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর না করা এবং প্রবাসীদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সৌদি আরবের আল কাসিমে বসবাসরত বাংলাদেশি সচেতন মহল।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে এ দাবিতে আল কাসিমে প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা পাসপোর্ট সেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে দেশটির বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানের হাতে পাসপোর্ট সেবা তুলে দেওয়া হলে প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ডেটা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশের নাগরিকদের ডাটাবেজ সেই দেশের ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। তাই এ ধরনের সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতা নিশ্চিত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বিদেশি একটি প্রতিষ্ঠানকে পাসপোর্ট সেবার পাইলট প্রকল্প দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের আশঙ্কা, বিদেশি প্রতিষ্ঠানের হাতে পাসপোর্ট সেবা তুলে দেওয়া হলে তথ্যের নিরাপত্তা, পাসপোর্ট জালিয়াতি ও তথ্য পাচারের মতো ঝুঁকি তৈরি হতে পারে।
প্রবাসী সচেতন মহল দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে পাসপোর্ট সেবার কার্যক্রম দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে একদিকে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা মনে করেন।