প্রবাস মেলা ডেস্ক: Distressed Children & Infants International (DCI)-এর প্রতিষ্ঠাতা ড. এহসান হক পটুয়াখালীর বাউফল উপজেলার কলাইয়া এলাকায় শিশু, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটি সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। DCI-এর বাস্তবায়নকারী সংস্থা রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (RSC) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মতবিনিময় সভায় ড. এহসান হক শিশুদের শিক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে DCI দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। পরিবারগুলোকে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা হচ্ছে।
তিনি জানান, শিক্ষা সহায়তা ও পারিবারিক সহযোগিতার ফলে অনেক শিশু পুনরায় বিদ্যালয়ে ফিরে এসেছে এবং নিয়মিতভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ড. এহসান হক বলেন, “একটি শিশুকে শিক্ষিত করা মানে শুধু একটি শিশুর জীবন পরিবর্তন করা নয়; এর মাধ্যমে একটি পরিবার, এমনকি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎও বদলে যায়।” তিনি আরও বলেন, “যারা শিক্ষিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, তারা তাদের সন্তান বা পরিবারের অন্য কাউকে শিশুশ্রমে যুক্ত হতে দিচ্ছে না। ফলে একজনের শিক্ষা পুরো পরিবার থেকে শিশুশ্রম দূর করতে সহায়তা করে।”
সভায় স্থানীয় শিক্ষক, অভিভাবক, সুবিধাভোগী শিশু-কিশোর এবং কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা DCI ও RSC-এর কার্যক্রমের ফলে এলাকায় শিক্ষার হার বৃদ্ধি, শিশুশ্রম হ্রাস এবং পারিবারিক জীবনমানের উন্নয়নের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশু-কিশোর, অভিভাবক ও তরুণ প্রতিনিধিরা শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ড. এহসান হক তাদের প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
সভায় শিশুদের শিক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং যুব উন্নয়ন কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।