প্রবাস মেলা ডেস্ক: প্রখ্যাত কবি, সাংস্কৃতিক সংগঠক ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশেষ মূল্যায়নগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত হয়েছে ‘মোহন রায়হান ৭০ বছরপূর্তি উদযাপন পরিষদ’। পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান।
উদযাপন পরিষদ জানিয়েছে, আগামী ১ আগস্ট কবি মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে তাঁর জীবন, সাহিত্যকর্ম, রাজনৈতিক সংগ্রাম ও সাংস্কৃতিক অবদানকে কেন্দ্র করে একটি বিশেষ মূল্যায়নগ্রন্থ প্রকাশ করা হবে। এ গ্রন্থে কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গবেষণামূলক প্রবন্ধ, স্মৃতিচারণ, মূল্যায়নধর্মী নিবন্ধ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা সংকলিত হবে।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, রাজনৈতিক পরিবর্তন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মোহন রায়হান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কবিতা, প্রবন্ধ, সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক সক্রিয়তার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক আপসহীন, প্রতিবাদী ও মানবমুক্তির কণ্ঠস্বর হিসেবে।
১৯৫৬ সালের ১ আগস্ট সিরাজগঞ্জের খোকশাবাড়ি ইউনিয়নের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন মোহন রায়হান। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্যচর্চা ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং নানা সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন। ১৯৮৩ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনে তাঁর নেতৃত্ব বিশেষভাবে আলোচিত।
সাহিত্যিক পরিচয়ের পাশাপাশি মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি জাতীয় কবিতা পরিষদের দুইবারের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা উল্লেখযোগ্য। কবিতা, প্রবন্ধ ও রাজনৈতিক রচনার মধ্য দিয়ে তিনি প্রেম, দ্রোহ, সাম্য, স্বাধীনতা এবং মানবমুক্তির চেতনা তুলে ধরেছেন। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
উদযাপন পরিষদ দেশ-বিদেশের বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষক, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছ থেকে মোহন রায়হানকে নিয়ে লেখা আহ্বান করেছে। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত লেখাগুলোর মধ্য থেকে নির্বাচিত রচনাগুলো মূল্যায়নগ্রন্থে অন্তর্ভুক্ত করা হবে।
পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, কবি মোহন রায়হানের সাত দশকের জীবন, সংগ্রাম ও সৃজনশীল কর্মযজ্ঞকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।