প্রবাস মেলা ডেস্ক: ভারত ও মিয়ানমার সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র প্রবেশ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবির টহল বাড়ানো হয়েছে, নতুন বিওপি স্থাপন করা হচ্ছে এবং আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি বলেন, দুর্গম সীমান্ত এলাকায় স্মার্ট সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন ও সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।