রফিক আহমেদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে: বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার আয়োজনে মহান মে দিবস ও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস।
সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মো. কাজী সালাউদ্দিন, যুবনেতা মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক মো. আলী এবং বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি আবদুল মবিন ভূঁইয়াসহ অনেকে।
বক্তব্যে বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বলেন, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি প্রবাসীদের সকল সমস্যা, সাফল্য ও সম্ভাবনার সংবাদগুলো গুরুত্ব সহকারে আরও বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের সংবাদ প্রচারে টেলিভিশন চ্যানেলে আরও বেশি সময় বরাদ্দের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও চাই প্রবাসীদের খবরাখবর আরও বেশি প্রচার করতে। এ জন্য আমাদের টিভি চ্যানেলে ‘প্রবাসীর সংবাদ’ নামে আলাদা সময় রেখেছি। কিন্তু প্রবাস থেকে সবসময় পর্যাপ্ত সংবাদ পাওয়া যায় না। নিউজ ক্রাইসিসে পড়তে হয়। মাঝে মাঝে ভিডিওর সাউন্ড ভালো থাকে না, ফ্রেমও ভালো থাকে না। তাই প্রবাসীদের সংবাদ আরও বেশি প্রচারে সমস্যা সৃষ্টি হয়।”
কমিউনিটি নেতা মো. জসিম উদ্দিন বলেন, “আমাদের দেশের প্রায় ৬ শতাংশ মানুষ প্রবাসে বাস করেন। সে হিসেবে মিডিয়ায় ৬ শতাংশ সময় ও কভারেজ প্রবাসীদের সংবাদের জন্য পাওয়ার কথা। আমরা আশা করি, আগামীতে মিডিয়ায় প্রবাসীদের খবর আরও বেশি গুরুত্ব সহকারে প্রচার করা হবে।”