মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে রাজধানী রিয়াদের ফোর পয়েন্টস শেরাটন পাঁচতারকা হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনভেস্টর আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব তুষার ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ডঃ মোঃ মাহবুবুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেদ্দা গার্মেন্টস ফোরামের সভাপতি রেজাউল করিম টিপু, আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব ফারুক আহমেদ চান, সোহরাব হোসেন লিটন, সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সদস্য সাখাওয়াত হোসেন আরমান, ইনভেস্টর মীর রাসেল সুজন, সাইফুল ইসলামসহ ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়াকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের রিয়াদ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়।
ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা শফিউল্লাহ।
বক্তারা বলেন, আগামী দিনে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের মাধ্যমে প্রবাসে এবং বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করা হবে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে ফোরামের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। প্রবাস থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।