প্রবাস মেলা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। নিবন্ধনধারীদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪০৫ এবং নারী ভোটার ২৯ হাজার ৬৬৯ জন।
অ্যাপে সৌদি আরবের প্রবাসীরা সর্বোচ্চ নিবন্ধন করেছেন। দেশটির নিবন্ধধারীদের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৪৯০ জন। এ ছাড়া কাতারে ৪৪ হাজার ৫৭২, মালয়েশিয়ায় ৩১ হাজার ৫৪৯, ওমানে ৩২ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাতে ২৪ হাজার ৩৪৩, যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৫৩, সিঙ্গাপুরে ১৬ হাজার ৮৬৮, যুক্তরাজ্যে ১৭ হাজার ৮০, কুয়েতে ১৪ হাজার ১৬২, ইতালিতে ১২ হাজার ৯১৫, কানাডায় ১০ হাজার ৮২৫, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৮৪২ এবং অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৬৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
পাশাপাশি দেশের ভেতর থেকেও সরকারি চাকরিজীবী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের মধ্য থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৫৩ হাজার ৫৪৯ জন। দেশের অভ্যন্তরে নিবন্ধনধারীদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৮৬১ জন ও নারী ১ হাজার ৭১৬ জন।
সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশনের এক বার্তায় বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, প্রবাসীদের কাছে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। আমরা দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রবাসীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এ বিষয়ে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মিটিং হয়।