জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে প্রবাসী সিলেট জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে হোটেল ডি প্যালেসে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রায়হানুল ইসলাম।
দেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সিলেট-হবিগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন এবং সুনামগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলিম উদ্দিন মিলন। তাঁরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল শহিদ এবং সঞ্চালনা করেন জাহিদ আহমেদ।
দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুবেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির মিয়া, যুবদল নেতা সাদিকুর রহমান, জাবেদ আহমেদ, রেদুয়ান আহমেদ বাচ্চু, লুতফুর রহমানসহ প্রবাসী সিলেট জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তার রোগমুক্তির জন্য প্রবাসী বাংলাদেশিসহ দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দোয়া করছেন।
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।