মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫। আনুষ্ঠানিকভাবে এক্সপোটির উদ্বোধন করেন জেদ্দার গভর্নর মান্যবর প্রিন্স সউদ বিন আবদুল্লাহ বিন জলাওয়ি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনীতিকবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আন্তর্জাতিক প্রদর্শকরা অংশ নেন।
এবারের আসরে বাংলাদেশ উল্লেখযোগ্য উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান—ঘরের বাজার, গ্লোব সফট ড্রিংকস লিমিটেড, আগ্রো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেড, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড এবং গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড—এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে দেশের বহুমুখী কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী—যার মধ্যে রয়েছে সফট ড্রিংকস, মসলা, মধু, এসেপ্টিক ম্যাঙ্গো পাল্প, রেডি-টু-কুক মাছজাত পণ্য এবং বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড। উদ্বোধনের প্রথম দিনেই বাংলাদেশি পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় এবারই প্রথম এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জেদ্দা চেম্বারের গভর্নমেন্ট রিলেশনস ডিপার্টমেন্টের প্রধান সুলতান আল হামিদ।
কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, “অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ মধ্যপ্রাচ্যের বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করবে। বাংলাদেশের অংশগ্রহণ দেশটির রপ্তানি সম্প্রসারণ ও ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, “অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ মধ্যপ্রাচ্যের বাজারে বাণিজ্য সম্প্রসারণের একটি বড় সুযোগ সৃষ্টি করছে। বাংলাদেশের অংশগ্রহণ সৌদি আমদানিকারকদের সঙ্গে ব্যবসায়িক সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এবং আন্তর্জাতিক মানের উৎপাদন সক্ষমতাকে বিশ্বমঞ্চে আরও দৃশ্যমান করবে।”
৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই মেলায় চলবে সেমিনার, পণ্য প্রদর্শনী ও বি-টু-বি ব্যবসায়িক আলোচনা।