প্রবাস মেলা ডেস্ক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের লেজুড়বৃত্তি ও রাজনৈতিক আশ্রয়–প্রশ্রয়ের বাইরে এসে পেশাদারি আচরণ করতে হবে। সংস্কারের অংশ হিসেবে বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য ও টেকসই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরে ‘শিক্ষা ব্যবস্থাপনা ও গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জেলা প্রশাসন ও বৃহত্তর ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার শিক্ষকরা অংশ নেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি.এম আব্দুল হান্নান।
এ সময় শিক্ষা উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার কয়েক বছরের মধ্যে বাংলাদেশের নাগরিকরা তাদের নাগরিক মর্যাদা হারিয়ে প্রজা হয়েছিল। ২৪ এ তরুণরা নতুন বাংলাদেশের সূচনা করে হারানো সেই মর্যাদা নাগরিকদের ফিরিয়ে দিয়েছে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।