মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস ২০২৫। এ উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদে কর্মরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ নানা পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-শাহরানি।
ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদ ও সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদকে শ্রদ্ধা জানান। তিনি বলেন,
“১৯৭১ সালের এই দিনে তিন বাহিনীর সম্মিলিত আক্রমণে দখলদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে, যা আমাদের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ সুগঠিত, আত্মবিশ্বাসী ও পেশাদার একটি বাহিনী, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি জানান, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত। জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
এছাড়া তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (IMCTC)-এর একজন গর্বিত সদস্য, যা দুই দেশের সহযোগিতা আরও বাড়িয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রদূত ও ডিফেন্স অ্যাটাশে প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন। পরে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, রাষ্ট্রীয় দায়িত্ব, সমাজসেবা ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।