প্রবাস মেলা ডেস্ক: ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ বিষয়ে দূতাবাস সবাইকে সতর্ক থেকে প্রেরকের ই-মেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে।
বার্তায় বলা হয়, কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ই-মেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।
এ ছাড়া দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কি না তা জানানো হয়। তবে ই-মেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না বলে উল্লেখ করা হয়।