হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক তাদের সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপন করবে আগামী ২ নভেম্বর (রবিবার) নিউইয়র্কের টেরেস অন দ্য পার্ক ভেন্যুতে।
এ উপলক্ষে সংগঠনের বর্তমান কার্যকরী কমিটি একাধিক প্রস্তুতিমূলক সভা করেছে। এসব সভায় সুবর্ণজয়ন্তী উদযাপনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে থাকবে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া প্রকাশ করা হবে একটি বিশেষ স্মারকগ্রন্থ, যেখানে সংগঠনের ৫০ বছরের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।
সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, “আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে এক স্থায়ী ঠিকানা, যেখানে তারা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শেকড় আরও মজবুত হবে।”
তিনি জানান, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তাদের ইশতেহারে থাকা এই প্রতিশ্রুতির বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার আইডি কার্যক্রমও বাস্তবায়নের পথে রয়েছে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “আমরা অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণে একটি সেমিনারের আয়োজন করব, যেখানে তারা কমিউনিটিকে এগিয়ে নিতে নিজেদের ভাবনা প্রকাশ করবে।”
অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টেরেস অন দ্য পার্কের এক হাজার আসনসংখ্যার হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার স্বার্থে এই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন। প্রবাসে বাংলাদেশি ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।