প্রবাস মেলা ডেস্ক: অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১ অক্টোবর ২০২৫ কানাডার টরন্টোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশী টেলিভিশন আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠান ISBAA 2025 ‘প্রণতি’। কানায় কানায় পূর্ণ হলভরা দর্শকের করতালিতে টরন্টো প্যাভিলিয়নের মঞ্চে বাংলাভাষী গুণীজন ও সুধীজন সম্মাননা স্মারক গ্রহণ করেন। সেই সঙ্গে মঞ্চ মাতানো শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক পর্বগুলো হয়ে ওঠে প্রাণবন্ত ও দর্শকনন্দিত।
এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাহিত্য শাখায় সম্মাননা পেয়েছেন ডায়াস্পরিক সাহিত্যিক রূমানা চৌধুরী।
শিল্পকলা শাখায় সম্মাননা স্মারক গ্রহণ করেন কণ্ঠশিল্পী মহিতোষ তালুকদার তাপস, এস আই টুটুল, নৃত্যশিল্পী অরুণা হায়দার ও বিপ্লব কর।
সমাজকল্যাণ শাখায় সম্মাননা পেয়েছেন টরন্টোর শেখ এস আহমেদ সাদী এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
পেশাগত অর্জন সম্মাননায় ভূষিত হন তামারা আবেদ (আড়ং, বাংলাদেশ), এবং টরন্টো থেকে জয়দেব সরকার, মেহেদী হোসেন ও মীর জুয়েল।
সবশেষে দেশপ্রেম সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক-কে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার কেন্দ্রীয় সংসদ সদস্য মাননীয় এমপি সালমা জাহিদ এবং টরন্টোর প্রাদেশিক সংসদ সদস্য মাননীয়া এমপিপি ডলি বেগম।
অনুষ্ঠানের শুরুতে বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাশকে স্মরণ করে ‘উচ্চারণ’ আবৃত্তি সংগঠন পরিবেশন করে তাদের পর্ব ‘আবার আসিব ফিরে’।
এছাড়া সুকন্যা নৃত্যাঙ্গন ও নৃত্যকলা কেন্দ্রের নজরকাড়া পরিবেশনা এবং বাংলাদেশের তাঁতশিল্পকে কেন্দ্র করে আয়োজিত ফ্যাশন শো দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
চার ঘণ্টাব্যাপী এই মনোমুগ্ধকর আয়োজনে মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে পরিবেশিত শতবর্ষের বাংলা গান এবং এস আই টুটুলের কণ্ঠে সত্তরের দশকের পপগুরু আজম খানের গান দর্শকদের নস্টালজিক করে তোলে। যন্ত্রসংগীতে ছিলেন মেহেদী ফারুক, আবীর দাশ, সৌরভ ধ্রুব, জ্যাকব থমাস ও রনি পালমার।
গুণীজন সম্মাননা প্রদানের সফল এই আয়োজনের উপস্থাপনায় ছিলেন প্রিয়দর্শিনী অজন্তা চৌধুরী ও আরিয়ান হক।
ক্রিয়েটিভ পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল ওয়াইসিপি, এবং মিডিয়া পার্টনার ছিল দেশী টিভি।
টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের অভিজ্ঞ আয়োজক জুটি ড. মনজুর-ই-খোদা ও অধ্যাপক ইলোরা আমিন আবারও টরন্টোবাসীকে উপহার দিলেন এক স্মরণীয়, সৃজনশীল ও রুচিশীল মঞ্চ আয়োজন — ‘প্রণতি ২০২৫’।