জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কেবল হিন্দু সম্প্রদায় নয়, বরং সব বাঙালির মধ্যেই এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। প্রবাসের মাটিতেও সেই আনন্দের ধারাবাহিকতায় লন্ডনে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা।
বেঙ্গলি কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাবের আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার ব্রেক হল রোডের সোয়ামিনারায়ন স্পোর্টস ওয়ার্ল্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহা নবমীর পূজা। বাঙালিয়ানায় ভরপুর এই আয়োজন ছিল নাচ, গান, কবিতা ও আরাধনার মিলনে এক আনন্দমুখর উৎসব।
অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন সুপ্তি বেনারজি। দেবী দুর্গার আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শনার্থীদের অংশগ্রহণে পূজামণ্ডপে সৃষ্টি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছ্বাসের পরিবেশ। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোজ শ্রীবাস্তব, অনির্বাণ মুখার্জি, দীপঙ্কর বসাক, সরোশ করদেস্তানি, অঙ্কিত পাঠক, সুমিত আগরওয়াল, সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়, সুবদীপ মুখার্জি, বাপ্পা রায় ও অমিত মান্না।
কবিতা আবৃত্তিতে অংশ নেন জোশ দত্তা ও সুপ্তি বেনারজি। কিবোর্ডে ছিলেন ঐশানি চক্রবর্তী, আর সংগীত পরিবেশন করেন অনংশাহ লাহা, শানিতা সাহা, এরিন রায়, শ্রেয়সীসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, প্রবাসের মাটিতেও দুর্গোৎসব বাঙালির ঐক্য, সংস্কৃতি ও আনন্দের প্রতীক হয়ে উঠেছে।