রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো। প্যারিস মহামায়া পূজা পরিষদ-এর আয়োজনে প্যারিসের নিকটবর্তী সেন্ট ডেনিশে একটি হলরুমে ৫ দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সের বুকে নেমে এসেছিল একখণ্ড আনন্দময় উৎসবের আমেজ।
পাঁচ দিনব্যাপী এই মহোৎসবে হাজারো প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। পূজামণ্ডপটি পরিণত হয়েছিল এক বিশাল মিলনমেলায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ একত্রিত হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিপন দেবনাথ। এই সফল আয়োজনে সহযোগিতা করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল পাল, সহ-সভাপতি অমর মজুমদার, লোকনাথ পাল, সুদীপ দেবনাথ, সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, বাবু সরকার, সমীর রায়, সাংগঠনিক সম্পাদক অশোক ঘোষ, গোপাল সরকার, অর্থ সম্পাদক সঞ্জয় রায়, প্রচার সম্পাদক মনোজ মণ্ডল, দপ্তর সম্পাদক অশেষ রায়, প্রকাশনা সম্পাদক সুমন পাল এবং সাংস্কৃতিক সম্পাদক পূর্ণা বৈদ্য শর্মা, দীপ্তি মণ্ডল সহ সকল সদস্যবৃন্দ। এছাড়া, উপদেষ্টা হিসেবে সহযোগিতা করেন সাধন সরকার, দশরথ পাল, প্রদীপ ঘোষ, রাজিব বড়ুয়া, পরিমল পাল, বীরেন মল্লিক, দীপঙ্কর বাগচী, সুকান্ত ঘোষ, মিন্টু শীল, উত্তম শর্মা, চেরি বড়ুয়া, সুমিতা দে। প্রধান পুরোহিত হিসেবে ছিলেন দুলু ঠাকুর।
পাঁচ দিন পূজার শেষে দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে মা দুর্গাকে বিদায় জানানো হয়। এই দিনটিকে ঘিরে ভক্তদের মাঝে ছিল বিষাদের সুর। তবে এর পরেই পালিত হয় বিজয় দশমী। মাকে বিদায় জানানোর পর ভক্তরা মেতে ওঠেন রং খেলায়। এত সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা আয়োজনের জন্য উপস্থিত সকলে প্যারিস মহামায়া পূজা পরিষদ-এর সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।