মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনটার সময় কনসাল জেনারেল এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন শিল্পের সম্পর্কে সৌদি নাগরিকদের কাছে বেশি বেশি প্রচার করতে হবে। বাংলাদেশ গার্মেন্টস, ফুড, বেভারেজ, পাটজাত পণ্য, লেদার সামগ্রী ও ঔষধ শিল্পের সম্পর্কে প্রচারের মাধ্যমেই রপ্তানিযোগ্য পণ্যের বিপুল উৎসাহ যোগাতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, আমার প্রধান লক্ষ্য প্রবাসীদের সেবা করা, তাদের সমস্যা সমাধান করা। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে প্রবাসীরা আমার কাছে আসতে পারবেন, আমি তাদের সেবা দিতে প্রস্তুত।
উক্ত মতবিনিময় সভায় সৌদি আরবে প্রবাসীদের নানান সমস্যা—বিশেষ করে সৌদি আরবের জেলে থাকা বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমেই প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ ও কনসুলেট সেবা নিতে আসা প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর, কনস্যুলার উইং–এর এস. এম. সায়েম; বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম. ওয়াই. আলাউদ্দিন; সভাপতি সোহেল রানা; সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল; সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ; প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী; সৈয়দ আহমদ; এ. আর. নোমান; আনোয়ার হোসেন রাজু; জামাল উদ্দিন স্বপন; শহীদাত হোসেন সুজন ও শামিম আহমেদ।
এ সময় মান্যবর কনসাল জেনারেল মনোযোগ দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমস্যাগুলো তিনি বাস্তবায়নের আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান।
পরিশেষে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।