মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করেন মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমান ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও প্রবাসী বাংলাদেশী নজরুল ইসলাম মামুন ও দুলাল আল মাইজভান্ডারি।
মালদ্বীপস্থ বাংলাদেশ ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
হাইকমিশনার জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বানও জানান তিনি।
উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে সশরীরে অংশগ্রহণকারীসহ মালদ্বীপে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা মিডিয়া ব্যক্তিত্ব ও দূতাবাস কর্মকর্তা অংশ নেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।