হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক মাইলফলক ঘটনা ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’। এই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গত ২৫ জুলাই ২০২৫, শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় স্মরণ ও শ্রদ্ধার অনুষ্ঠান। ‘July Beyond Borders’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানটি হয় দূতাবাসের অডিটোরিয়ামে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার সম্মিলিত বিপ্লবী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। গণআন্দোলনের আগে-পরে ঘটে বহু নির্মম হত্যাকাণ্ড। আন্দোলনের সময় কমপক্ষে ১৪০০ শিক্ষার্থী ও সাধারণ জনগণ জীবন হারান। তাঁদের রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয় একদলীয় দমন-পীড়নের শাসন থেকে।
বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শন করা হয় আন্দোলনকালীন পোস্টার, আলোকচিত্র এবং গণহত্যা ও প্রতিরোধ সংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। প্রদর্শনীতে উঠে আসে শহীদদের আত্মত্যাগ, জনতার প্রতিবাদ এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের চিত্র।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সেইসব বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন, যারা প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা দূতাবাসে অনুষ্ঠিত প্রদর্শনী ঘুরে দেখেন এবং স্মৃতিময় মুহূর্তগুলোতে আবেগপ্রবণ হয়ে পড়েন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশিরা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দূতাবাসের এই আয়োজন ছিল এক স্মরণীয় শ্রদ্ধাঞ্জলি—তাদের প্রতি, যারা জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। বক্তারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শুধু শোক নয়, এটি আমাদের শক্তি, প্রেরণা ও আশার প্রতীক।” অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।