প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল। নিহতদের মধ্যে রয়েছে একাধিক স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর দগ্ধসহ আহত হয়েছেন ১৭০ জনের বেশি শিক্ষার্থী, যাদের জীবন রক্ষায় এখন জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ফায়ার সার্ভিস, চিকিৎসক ও সাধারণ মানুষের মানবিকতা ও সাহসিকতার প্রশংসা জানানো হয়।
প্রাণ বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল সকল সচেতন নাগরিক, বিশেষ করে বিরল গ্রুপের রক্তদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। যারা ঢাকায় অবস্থান করছেন, তারা নিম্নোক্ত হাসপাতালগুলোতে গিয়ে রক্তদান করতে পারেন: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল।
সংগঠনটি জানিয়েছে, ঢাকার বিভিন্ন হাসপাতালে রক্ত সংগ্রহ, সরঞ্জাম ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে তারা কাজ করছে এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন, তারাও অর্থ সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে পাশে থাকতে পারেন। সংস্থাটি মনে করে, এই দুর্যোগের মুহূর্তে জাতি হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার পাশে দাঁড়াতে হবে।