প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ায় ব্যাপক অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার রাতে সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্ট থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিম), কুয়ালালামপুরের জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) যৌথভাবে অভিযানে অংশ নেয়।
ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, অভিযানকালে মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। যার মধ্যে পরিচয়পত্রহীন, পাস শর্ত লঙ্ঘনকারী, অনুপ্রবেশকারী এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৫৭ পুরুষ, ১০৭ নারী ও ৩২ শিশুসহ ৪৯৪ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক। তারা সেলাঙ্গরের পাইকারি বাজার, নির্মাণ ক্ষেত্র এবং গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
জাফরি বলেন, “সেলাঙ্গর এখন অবৈধ অভিবাসীদের জন্য ‘হটস্পট’ হিসেবে পরিগণিত। আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”
অভিযানে অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং পাচার-বিরোধী আইন ২০০৭’র প্রযোজ্য ধারাসমূহ কার্যকর করা হয়। এসব আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচার করা হচ্ছে।
ইমিগ্রেশন বিভাগ জনসাধারণ এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেয়ার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, অবৈধ অভিবাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করা হয়েছে।
এদিকে, জাফরি জানান, ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ কার্যক্রম চলছে। এর আওতায় অবৈধ অভিবাসীরা ৫০০ রিঙ্গিত জরিমানা ও ২০ রিঙ্গিত মূল্যের বিশেষ পাস নিয়ে নিজ দেশে ফিরতে পারবে।