প্রবাস মেলা ডেস্ক: এবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য একটা প্রকল্প নেয়া হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে।