মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: ৯৯ বছর পার করে ১০০ বছরে পা দিলেন আধুনিক মালয়েশিয়ার রুপকার তুন ড. মাহাথির মোহাম্মদ। অনুন্নত দেশ থেকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়া শতবর্ষী এ নেতা মালয়েশিয়ানদের কাছে একই সঙ্গে মহান, পথ প্রদর্শক ও গর্বের। শততম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, দেশ বিদেশের বরেন্য ব্যাক্তি বর্গ। দেশের বেশিরভাগ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে শতবর্ষী এ নেতার জন্মদিনের খবর। বিশেষ করে ১০০ বছর বয়সেও তার নিয়মিত বই পড়া, ব্যায়াম, সাইকেল চালানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখা, রাষ্ট্রিয় এবং বৈশ্বিক বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমে স্বাক্ষাতকার দেয়া অনেকের কাছে বিশ্বয়কর। শতবর্ষেও সু-স্বাস্থের অধিকারি মাহাথির মোহাম্মদ স্ত্রীকে নিয়ে নিয়মিত দৈনন্দিক সব কাজ করে যাচ্ছেন একই সঙ্গে তার খাদ্যাভ্যাস নিয়ে আলোচনাও রয়েছে সব মহলে।
এক সময়ের রাজনৈতিক সহকর্মী ও মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে মাহাথির মোহাম্মদের সাইকেল চালানোর একটি ছবি পোস্ট করে লিখেছেন, আজিজাহ এবং আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যে তুন সুস্থতা, মানসিক প্রশান্তি এবং অর্থপূর্ণ জীবনযাপনের জন্য শারীরিকভাবে আরো শক্তি লাভ করুন। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের একটি বাস্তব উদাহরণ হয়ে থাকবেন তিনি।
এদিকে বিশ্বের সবচে বয়স্ক এ রাষ্ট্রপ্রধান সকাল থেকেই স্বস্ত্রীক সিক্ত মানুষের ভালোবাসায়। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে নিজ গৃহে ভীড় জমিয়েছেন অনেকেই। নিজ দলের নেতাকর্মীদের বাইরে, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও শুভেচ্ছা জানাতে ভোলেননি। নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে লাইভে শেয়ার করেছেন জন্মদিনের শুভেচ্ছা জানানোর ভিডিও। যেখানে স্ত্রী হাসমা মোহাম্মদ আলি’কে নিয়ে চেয়ারে বসে আছেন তিনি আর শুভাকাঙ্খীরা একে একে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ড. মাহাথির মোহাম্মদ ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার আলো সেতার রাজ্যের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত দীর্ঘ ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতি থেকে অবসরেও চলে যান। তবে অবসর ভেঙ্গে ২০১৮ সালে আবারো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন, একই সঙ্গে বিশ্বের সবচে বয়স্ক রাষ্ট্রপ্রধান হিসাবেও আলোড়ন সৃষ্টি করেন।