হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফলসে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা—ফোবানা সম্মেলন। শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি’।
গত ১৬ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘নবান্ন পার্টি সেন্টারে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নায়াগ্রা ফলসের একটি বিলাসবহুল ভেন্যুতে এই আয়োজনকে ঘিরে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি।
ফোবানার একাংশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, ‘দলমতের ঊর্ধ্বে উঠে ফোবানার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। অতীতের ভুল–বোঝাবুঝির অবসান ঘটেছে।’ গিয়াস আহমেদ বলেন, ‘প্রবাসে স্বপ্ন পূরণের জন্য ঐক্যের বিকল্প নেই।’
এ সময় জানানো হয়, ফোবানার আরও দুটি গ্রুপ—আটলান্টা ও মন্ট্রিয়ল—একই সময়ে সম্মেলনের ঘোষণা দিলেও তাদের সঙ্গে যোগাযোগ ও ঐক্যের আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, ফাহাদ সোলায়মান, হাসানুজ্জামান হাসান, মইনুল হক চৌধুরী হেলাল, খন্দকার ফরহাদ, জুবায়ের দারা, সাহাবউদ্দিন সাগরসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এবারের সম্মেলনে মূলধারার রাজনীতিকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রকাশিত হবে একটি বিশেষ স্মরণিকাও। থাকবে বিজনেস লাঞ্চ, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা—৩৯তম ফোবানা সম্মেলন হবে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, ফোবানা ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে এবং উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তের বাংলাদেশিদের মধ্যে সংযোগ ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে কাজ করছে।