রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে জর্ডানে পৌঁছেছে। ২৬ মে ২০২৫ তারিখে সন্ধ্যায় দলটি জর্ডানের রাজধানী আম্মানে নিরাপদে অবতরণ করে।
বাছাইপর্ব সামনে রেখে দলটি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—একটি ইন্দোনেশিয়া এবং অপরটি স্বাগতিক জর্ডানের বিপক্ষে। আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার, এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন, প্রতিপক্ষ জর্ডান।
উভয় ম্যাচ অনুষ্ঠিত হবে কিং আবদুল্লাহ ২ স্টেডিয়াম, কুইসমেহতে। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং বিনা টিকিটেই খেলা উপভোগ করা যাবে। তবে জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রবেশ থাকবে সংরক্ষিত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দলের পক্ষ থেকে জর্ডানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন ৩১ মে বিকেল ৫টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।