জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সম্প্রতি লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছেন ফেনী সমিতি ইউকে’র নেতৃবৃন্দ। ফেনীর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন প্রবাসী নেতারা।
স্মারকলিপিতে ফেনীতে প্রস্তাবিত “চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল” স্থাপন, লালপুলে আন্ডারপাস নির্মাণ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণ, বল্লামুখা ও মুহুরী নদীতে বেডিবাঁধ নির্মাণ, এবং রেলগেট ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণ—এই ছয়টি গুরুত্বপূর্ণ দাবির প্রতি গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার আবিদা ইসলাম এসব দাবির যৌক্তিকতা সম্পর্কে একমত পোষণ করেন এবং স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছানোর বিষয়ে সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এসময় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান এবং ফেনীর কৃতি সন্তান, প্রেস মিনিস্টার জনাব আকবর হোসেন উপস্থিত ছিলেন।
ফেনী সমিতি ইউকে’র ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহাজাহান, আশরাফ উদ্দিন ও খুরশীদ আলম। এছাড়া আহ্বায়ক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক জনাব ওলি উল্যাহ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবু নাসের মুহাম্মদ মুজাহিদ, সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দিন রাসেল এবং সদস্য জনাব খোরশেদ আলম বাচ্চু, কামাল উদ্দিন মিলন, নুরনবী সেলিম, নজরুল ইসলাম আজাদ ও আতাউর রহমান জাহিদ।
ফেনীর জনগণের দীর্ঘদিনের দাবিসমূহ প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে যথাযথ মাধ্যমে উত্থাপন করায় এ সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।