মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’ ‘ইসরাইল আগ্রাসন বন্ধ করো’ স্লোগানে প্রতিবাদ সভা করেছে, মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা। ফিলিস্তিনে নারি শিশুসহ নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা।
মঙ্গলবারের এ প্রতিবাদ সমাবেশে অংশ নেয় মালয়েশিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সেনেগাল, সুদান, সোমালিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, ইসরাইলের এই আগ্রাসন বর্বোরচিত। বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরাইলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইসরাইলকে এই হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তারা। ফিলিস্তিন প্রশ্নে মুসলিম সম্প্রদায়কে এক কাতারে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।
গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের অধিকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থিরা। ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ইসরাইল আগ্রাসন বন্ধ করো’ ইত্যাদি স্লোগানে সমাবেশস্থল ছিল উত্তাল।
এছাড়া ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরাইলের হামলার নিন্দা, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তিরক্ষার আহ্বান জানানো হয়। ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির কো-অর্ডিনেটর এইচ এম রবিউল হাসানের উপস্থিতিতে সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোয়াইব প্রশান্ত, তাহমিদ, সাইফুল ইসলাম, তানিমসহ অনেকে।