প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শোমসপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শুরুতেই ব্যাচের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অতীত দিনের স্মৃতিচারণ করেন। এরপর বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা বলেন, এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই পুনর্মিলনী শুধুমাত্র বন্ধুদের মিলনমেলা নয় বরং ভবিষ্যতে সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রতিজ্ঞা গ্রহণের একটি মঞ্চ। এ আয়োজন তাদের আত্মার বন্ধন আরও দৃঢ় করেছে এবং আগামী দিনেও এই সম্পর্ক অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।