প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আধুনিকায়ন ও সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন। শনিবার (১৩ মার্চ ২০২৫) বিকেলে বিএফডিসি প্রযোজক সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিবর্তনের দাবি জানান। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।
চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, “ষোলো বছরের হত্যা-গুম মামলা-হামলার ক্ষত এবং শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ হাজারো শহিদের রক্তে ভেজা বাংলাদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দালাল ও সেবকদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বর্ণচোরা ষড়যন্ত্রকারীরা সবসময় রাষ্ট্র পরিচালনাকারীদের ভেতর ঘাপটি মেরে থাকে। এখনই সময় তাদের চিহ্নিত করে পরিত্যক্তদের ভাগাড়ে নিক্ষেপ করার।”
চলচ্চিত্রাঙ্গন আধুনিকায়নের লক্ষ্যে তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট দালালচক্র থেকে নিয়োগকৃত বিএফডিসি’র এমডি অবিলম্বে বাতিল করতে হবে। চলচ্চিত্র কর্মীরা প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করবে। আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম শুরু করতে নতুন নেতৃত্ব প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও প্রযোজক এম. এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক আরমান, চিত্রনায়ক মেহেদি হাসান, চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন, পরিচালক পিজি মোস্তফা, অভিনেতা রাজকমল, পরিচালক হানিফ রেজা মিলন, চিত্রনায়ক শাহেন শাহ, পরিচালক শাওন আশরাফ, পরিচালক এস. এম. সফিউল আজম, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মহব্বত আলী ও আজিজুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক বদিউল আলম খোকন বলেন, “দাবি একটাই—বিএফডিসি’র এমডি অবিলম্বে পরিবর্তন করতে হবে। পাশাপাশি অকার্যকর হয়ে যাওয়া এফডিসিকে ঢেলে সাজাতে হবে। অর্গানোগ্রামসহ সকল কাঠামো সংস্কার করে সরকারি বিনিয়োগের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। ট্যাক্স ও ভ্যাট সুবিধা প্রদান করতে হবে। এছাড়া বিএফডিসিকে বিশ বছরের জন্য অলাভজনক প্রতিষ্ঠান ঘোষণা করে সরকারি খাত থেকে কর্মকর্তা-কর্মচারীর বেতনসহ সকল ইউটিলিটি বিল পরিশোধের জন্য বরাদ্দ দিতে হবে।”
সংবাদ সম্মেলন শুরু হয় বর্বরোচিত ধর্ষণে নিহত শিশু আসিয়ার হত্যাকারীদের বিচার ও ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে। চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা এ সময় ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির গবেষণা সেল নির্মিত একটি প্রামাণ্য চিত্রে মিজ তানির আওয়ামী প্রীতি তুলে ধরা হয় যা চলচ্চিত্রকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।