প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ সফর এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সহযোগীতামূলক সম্পর্কের জন্য স্পেস এক্সের গ্লোবাল এনগেইজমেন্ট অফিসার রিচার্ড গ্রিফিথের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সামাজিক মাধ্যম এক্সে বাংলাদেশ সফর নিয়ে রিচার্ড গ্রিফিথের একটি পোস্ট শেয়ার দিয়ে আনসারী লিখেন, ”আপনার বাংলাদেশ সফর এবং নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সাথে আপনার সম্পৃক্ততার জন্য আমি কৃতজ্ঞ। ক্ষুদ্রঋণ এবং উন্নত বিশ্ব গঠনের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার আলোচনা; উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং সম্প্রীতির উপর ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের আশা জাগায়। আপনার প্রচেষ্টার অব্যাহত সাফল্য কামনা করছি!”
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সফর নিয়ে এক্সে বার্তা দেন রিচার্ড গ্রিফিথ। সেখানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ, ইফতারে অংশগ্রহণ এবং ক্ষুদ্রঋণ নিয়ে ফলপ্রসূ আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এক্স বার্তায় মুশফিকুল ফজল আনসারীকে ম্যানশন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন রিচার্ড গ্রিফিথ।
বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করতে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা নেতা, ধর্মীয় শিক্ষক, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে পৃথক বৈঠক ও একটি ইফতার আয়োজনে অংশগ্রহণ করার কথা রয়েছে তার।
