প্রেস বিজ্ঞপ্তি: বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি আগামী ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিএফডিসি’র প্রযোজক সমিতি প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রযোজক, পরিচালক, অভিনেতা, কলাকুশলী এবং মেগাস্টার চলচ্চিত্র নায়ক আশরাফ উদ্দীন আহমেদ উজ্জ্বল উপস্থিত থাকবেন।
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি আহ্বায়ক বদিউল আলম খোকন এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে- এ সম্মেলনের মূল বিষয় হচ্ছে, বিএফডিসি’র এম.ডি পদে মিজ মাসুমা রহমান তানি-কে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া এবং ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের পরিবেষ্টিত চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ। মিজ মাসুমা রহমান তানি’র নিয়োগের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তীব্র নিন্দা, ক্ষোভ এবং সমালোচনা জানানো হয়েছে। চলচ্চিত্রাঙ্গনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই নিয়োগ বাতিলের দাবি তোলা হয়েছে।
চলচ্চিত্রাঙ্গনের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে, এই সম্মেলনে বর্তমান সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব চলচ্চিত্রকর্মী সংগ্রাম করেছেন, তাদের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য উপযুক্ত এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের দাবি জানানো হবে।
কমিটি জানিয়েছেন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ এবং প্রচারের জন্য এক রিপোর্টারসহ ক্যামেরাপার্সন বা ফটোসাংবাদিক প্রেরণের অনুরোধ করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্রাঙ্গনের অনেক প্রত্যাশা ও দাবি নিয়ে আলোচনা করা হবে, এবং চলচ্চিত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কমিটির আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সম্মেলনে চলচ্চিত্রাঙ্গনের অনিবার্য দাবি হলো, বিএফডিসি’র এম.ডি পদে অবিলম্বে যোগ্য এবং অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া, এবং চলচ্চিত্রাঙ্গনকে ফ্যাসিস্ট দোসরদের প্রভাব থেকে মুক্ত করে সংস্কারের দাবিতে সচল রাখা।