প্রবাস মেলা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন তার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে ড. আনিসুজ্জামান বলেন, “পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা। যেসব দেশগুলোতে এই অর্থ গিয়েছে, সেসব দেশ উপকারভোগী হওয়ায় আন্তর্জাতিক আইনের কারণে তারা সহজে এই অর্থ ছাড়বে না। তবে, প্রধান উপদেষ্টা এসব দেশগুলোর কাছে সহযোগিতা চেয়ে অফার পেয়েছেন এবং আমরা দ্রুত কাজ করছি। আশা করছি, সফলতা আসবে।”
এছাড়া, কোন কোন দেশ থেকে এমন সহযোগিতার অফার এসেছে, জানতে চাইলে তিনি বলেন, “এটি প্রকাশ করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে আমাদের কাজের গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে, আমরা যতটুকু সম্ভব জানাচ্ছি, তার চেয়ে বেশি বলা যাবে না, কারণ আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।”
তিনি আরও জানান, “এখানে আইনি বিষয় রয়েছে এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী কাজ করতে হবে। শুধু টাকা ফেরত আনা সম্ভব নয়, এর জন্য কিছু মাধ্যম রয়েছে এবং এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষত বিশ্বব্যাংকসহ নানা সংস্থা কাজ করছে।”