হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী ৬ জানুয়ারি ২০২৫, সোমবার সন্ধ্যা ৬টায় ৩৫-৩৫, ৭২ স্ট্রিট, জ্যাকসন হাইটস নিউইয়র্কে উদ্যাপন করা হয়েছে।
দাদা সিরাজুল আলম খান ফাউন্ডেশন বাংলাদেশ, দাদা সিরাজুল আলম খান স্বপ্ন বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ এবং জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান ও জেএসএফ-এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৮০ দশকের বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ, ঢাকা তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি এবং বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা, ভাসানী ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী পরিষদ নিউইয়র্কের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মইনউদ্দীন নাসের।
বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক মোহাম্মদ কাদের এবং কলেজ শিক্ষার্থী কাদিপ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি আনিসুজ্জামান খোকন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা জননেতা সিরাজুল আলম খানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “সিরাজুল আলম খান গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। আজকের সমাজে তাঁর মতো নেতৃত্বের খুব প্রয়োজন।
তিনি ৬০-এর দশকের গণতান্ত্রিক আন্দোলন, ৬ দফা দাবি, ১১ দফা শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অবদানকে স্মরণ করে বলেন, “৯ জুন ২০২৩-এ আমাদের এই মহান নেতাকে হারিয়েছি যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শেষে মইনউদ্দীন নাসেরের সৌজন্যে অতিথিদের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের “কথা রেস্টুরেন্টে” নৈশভোজে আপ্যায়িত করা হয়।