প্রবাস মেলা ডেস্ক: গত মে মাসে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মিস আয়ারল্যান্ড, মডেল ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। এবার এল সুখবর। কন্যাসন্তানের মা হলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়ানো এই মডেল।
আয়ারল্যান্ড থেকে বিষয়টি জানিয়েছেন প্রিয়তি নিজেই। জানালেন, শুক্রবার (২৩ আগস্ট) দেশটির রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে ফুটফুটে এক নবজাতিকার মা হয়েছেন তিনি। ২৭ আগস্ট সন্ধ্যায় প্রিয়তি বলেন, ‘মাত্র হাসপাতাল থেকে বাসায় এলাম। শুক্রবার আমাদের সন্তানের জন্ম হয়েছে।’
বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। প্রিয়তি তাঁর মেয়ের নাম রেখেছেন লাভিশা লাম। আলিফ আবরাজ ও মৌনীরা মীম নামের এক ছেলে ও এক মেয়ের জননীও তিনি।
প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দু’জনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে পান টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ‘সেরা’র অ্যাওয়ার্ড পান প্রিয়তি। পাশাপাশি আইরিশ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।