মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দ্বিতীয় সচিব মানিক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় কনস্যুলেট এর কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
কাজী জাকির এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরুর পরে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর আবদুস সালাম।
উপস্থিত বক্তাবৃন্দগণ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে।
জাতির সে সকল সূর্যসন্তান, শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শহীদ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব (ইসিটি) মো: শাহরিয়ার আলম, প্রথম সচিব (পাসপোর্ট) মো: কাজী ফয়সাল, প্রথম সচিব (প্রেস) মো: আরিফুর রহমান, প্রথম সচিব (শ্রম) মিসেস শাহনাজ পারভীন, দ্বিতীয় সচিব (প্রটোকল) মো: সাজ্জাদ হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
শেষে সকল শহিদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।