প্রবাস মেলা ডেস্ক: আজকাল সাংবাদিক কিংবা নায়ক হওয়া খুবই সহজ ব্যাপার বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার একসময়ের চিত্রনায়ক বাপ্পারাজ। ১৬ জুলাই ২০২৩, রবিবার দুপুর ২টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেতা। তিনি লেখেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোনো ব্যাপার না, হাতে একটা স্মার্টফোন থাকলেই হলো। শিক্ষা, বিদ্যা, বুদ্ধির দরকার নেই, কোনো দায়বদ্ধতাও নেই। ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো আবোলতাবোল প্রশ্ন করবেন।’
এ সময় বাপ্পারাজ সেলিব্রেটিদের সালোচনা করে লেখেন, ‘আর সেলিব্রিটি হওয়া আরও সহজ। ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো, তারপর মনে যা চায় আবোলতাবোল বকবেন। তাতেই ভাইরাল, আপনি হিট। বিশাল সেলিব্রিটি হয়ে গেলেন। যেমন বাহারি প্রশ্ন তেমন উত্তরদাতার বাহারি উত্তর। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’
তবে হঠাৎ কেন সাংবাদিক বা সেলিব্রেটিদের নিয়ে বাপ্পারাজ লিখলেন, সে বিষয়ে কোনো কিছু জানাননি নায়ক।
যদিও বাপ্পার এ মন্তব্য ঘিরে ফেসবুকে সমর্থনের পাল্লাটাই ভারী। বেশির ভাগই মনে করছেন, বাপ্পারাজ যথার্থ বলেছেন। যদিও এসব প্রতিক্রিয়ায় পাল্টা কোনো মন্তব্য করেননি বাপ্পা।
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ। তার বাবা রাজ্জাক বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন।
বাপ্পারাজের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি।