প্রবাস মেলা ডেস্ক: এমপি পদ থেকে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাবিধি লঙ্ঘনজনিত ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদনের জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ১০ জুন ২০২৩, শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে বরিস বলেন, তারা এখনো এতটুকুও প্রমাণ করতে পারেনি যে, আমি জেনেশুনে বা বেপরোয়াভাবে সেই বিধি ভঙ্গ করেছি।
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আপাতত পার্লামেন্ট ত্যাগ করা খুবই দুঃখজনক। তবে সর্বোপরি আমি আতঙ্কিত যে আমাকে অগণতান্ত্রিকভাবে একটি তীব্র পক্ষপাতমূলক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জোর করে বহিষ্কার করা হতে পারে।
২০২০–২১ সালে করোনা মহামারি চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। সে সময় করোনার বিধিনিষেধ না মেনে তার কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করেন তিনি। এ ঘটনাকেই ‘পার্টি গেট’ কেলেঙ্কারি বলা হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বরিস জনসন।