প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে এবার এই অভিনেত্রী হাজির হচ্ছেন নির্মাতা হিসেবে। আর এ কারণে মনের মধ্যে আনন্দ-ভয় দুটোই কাজ করছে বলে জানালেন তিনি। সঙ্গে সিনেমাপ্রেমীদের অনুরোধ করলেন, তার প্রথম নির্মিত সিনেমা ‘ফিরে দেখা’ দেখার।
খ্যাতিমান এই অভিনেত্রীর ভাষ্য, ‘বাংলা চলচ্চিত্রে আপনারা আমাকে অনেক ছবিতে অভিনয় করতে দেখেছেন। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি আমার দর্শকদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আমি অভিনয়ের পাশাপাশি রোজিনা ফিল্মস থেকে প্রযোজনা করেছি। আমার প্রযোজিত ছবির নাম “জীবন ধারা” ও “দোলনা”। “দোলনা” ছবির “তুমি আমার কতো চেনা” গানটি এখনো সবার মুখে মুখে।’

সবাইকে অনুরোধ জানিয়ে রোজিনা বলেন, ‘এই প্রথমবার আমি একটি ছবি পরিচালনা করেছি। নাম “ফিরে দেখা”। এটি অনুদানের ছবি। আগামী ১৬ জুন আমার প্রযোজিত, পরিচালিত ও অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আমি আশা করছি, আমার সকল দর্শক, শুভাকাঙ্ক্ষীরা ছবিটি দেখবেন এবং বরাবরের মত ভালো কাজের জন্য উৎসাহিত করবেন। যাতে আমি আপনাদেরকে ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ উপহার দিতে পারি। সকলকে আন্তরিক শুভেচ্ছা।’
সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য রচনা রোজিনা নিজেই করেছেন। তবে এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন মুজতবা সউদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ আরও অনেকে। উল্লেখ্য, এর আগে ‘রোজিনা ফিল্মস’ থেকে ‘জীবন ধারা’ ও ‘দোলনা’ সিনেমা প্রযোজনা করেছিলেন রোজিনা।