প্রবাস মেলা ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগে ছিলেন উপস্থাপিকা, এখন মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা গেলেও সিনেমায় অভিনয়ে বেশি সময় দেন এই নায়িকা। অভিনয়ের পাশাপাশি তিনি গানেও পারদর্শী। আসছে ঈদুল ফিতরে এই অভিনেত্রী গায়িকা হিসেবে চতুর্থবার হাজির হচ্ছেন দর্শক শ্রোতাদের সমানে।
এখন পর্যন্ত নুসরাতের প্রকাশিত তিনটি গানচিত্রই বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার আসছে তার আরও এক নতুন ট্র্যাক। যার শিরোনাম ‘বুঝি না তো তাই’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটির ট্রিজার। এতে নুসরাত ফারিয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ব্রিটিশ র্যাপার মুমজি স্ট্রেইনজার। সমুদ্র সৈকতে বিদেশি র্যাপারের সঙ্গে নুসরাতের রসায়ন জমে উঠেছে।
‘বুঝি না তো তাই’ গানটির সুর মুমজি আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। কথা লিখেছেন বাঁধন। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এর দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। প্রকাশ্যে আসা গানের আবেদনময়ী দৃশ্য দেখে মৃগ্ধ হয়েছেন দর্শকরা।
এর আগে ২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ ২০২১ সালে প্রকাশ পেয়েছিল তার একক গান ‘হাবিবি’। গানটি দর্শক-শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
এর বাইরে নুসরাত ফারিয়া সদ্য শেষ করেছেন টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’। যা মুক্তি পাবে ৮ জুন। এছাড়া শেষ করেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ। এছাড়াও বাংলাদেশে চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং।