আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে সরকারি আনুষ্ঠানিক কাজে ইংরেজিসহ অন্যান্য বিদেশী ভাষা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে দেশটির পার্লামেন্টে। সরকারি কাজে এসব ভাষা ব্যবহার করলে জরিমানাও হতে পারে। এ সংক্রান্ত একটি আইন প্রস্তাব করেছে দেশটির বর্তমান সরকার। ইতালীয় সংবাদমাধ্যম এবং বিদেশি কিছু সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এতথ্য জানা গেছে।
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের সদস্য ফাবিও রামপেল্লি (Fabio Rampelli) বিলটি উত্থাপন করেছেন। আর এতে সমর্থন দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)।
ঐ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আনুষ্ঠানিক সরকারি কাজে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি বা অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার করলে সর্বোচ্চ ১ লাখ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এই বিধানসহ একটি নতুন আইন পাস করতে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল ব্রাদার্স অব ইতালি (Fratelli di Italya)।
আইনটিতে অন্য সব বিদেশী ভাষার কথা বলা হলেও, এটি আসলে অতিমাত্রায় ইংরেজির ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণয়ন করা হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যারা সরকারি কাজে নিযুক্ত থাকবেন, তাদের অবশ্যই ‘ইতালিয় ভাষায় লেখা ও কথা বলায় দক্ষতা’ থাকতে হবে। আর আনুষ্ঠানিক নথিতে ইংরেজি ব্যবহার করা যাবে না, বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে একমাত্র ইতালিতেই ইতালিয়ানরা তাদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। গত কয়েক বছর আগেও ইতালির জনগণ ছোটখাটো কয়েকটি ইংরেজি শব্দ ছাড়া ইংরেজি বলতে পারতোই না এবং আগ্রহীও ছিলো না, কিন্তু আজকাল স্কুল-কলেজে ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্থানে ইংরেজির অনেক চর্চা হচ্ছে। ইতালিয়ান স্কুলেও ইতালিয়ান বইয়ের পাশাপাশি ইংরেজি বইয়ের সংখ্যাও বেড়েছে। অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল এরই মধ্যে রোমসহ বিভিন্ন শহরে খোলা হয়েছে। অর্থাৎ ইংরেজিকে গুরুত্ব দিচ্ছে ইতালিয়ানরা, কিন্তু ইতালির অফিস আদালতে কোনোক্রমে ইংরেজি চলবে না বলে সাধারণ মানুষের মাঝেও কথা চলাচল হচ্ছে। এখন দেখার বিষয় তা officially আইন পাস হয় কখন ?