প্রবাস মেলা ডেস্ক: বাগদান সারলেন ‘দুষ্টু পোলাপান’ খ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। ২ এপ্রিল ২০২৩, রবিবার রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে বাগদানের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন ঐশী নিজেই। ছবির ক্যাপশনে লিখেছেন আরবী দুটি শব্দ, ‘বারাকাল্লাহু ফিকুম’।
এ ব্যাপারে ঐশী গণমাধ্যমকে জানান, ‘আড়াই বছরের পরিচয় আমাদের। দুজনার পছন্দ ছিল। রবিবার রাতে হুট করে সাকিবের মা এসে আমাকে আংটি পরিয়ে যান। আর বিয়ের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানাব।’
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত এই গায়িকা। সেই সঙ্গে ঈদের পর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও জানিয়েছেন ঐশী।
গান গাওয়ার পাশাপাশি ঐশী একজন চিকিৎসকও। ২০২১ সালে তিনি ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। বর্তমানে বেসরকারি ওই হাসপাতালেরই সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।