প্রবাস মেলা ডেস্ক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৩’ এ ভূষিত করা হয়। এতে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান একুশে পদক লাভ করেন। ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নওয়াজীশ আলী খান সহ অন্যান্যদের হাতে এ পদক তুলে দেন।
একুশে পদক ২০২৩ প্রাপ্তদের মধ্যে অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠান হলো— ভাষা আন্দোলনে অবদান রাখায় খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর) ও মো. মজিবর রহমান, শিল্পকলায় অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ, সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায় এবং চিত্রশিল্পকলায় কনক চাঁপা চাকমা, মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অধ্যাপক ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘একুশে পদক’ প্রবর্তন করা হয়। পুরস্কার বিজয়ীদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ দিয়ে সম্মানিত করা হয়।