প্রবাস মেলা ডেস্ক: কক্সবাজারে বেড়াতে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলার পর নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। ১২ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর বিরুদ্ধে তিনি এ জিডি করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান আরজে কিবরিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় আরজে কিবরিয়া স্ত্রীকে নিয়ে ওঠেন কক্সবাজারের সাইমন হোটেলে।
দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হলে প্রথমে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে এ ঘটনায় থানায় জিডি করেন তিনি।
জানা যায় পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ির জের ধরে তার স্ত্রী আত্মহত্যা ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়ায় কিবরিয়া ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানাকে অবহিত করেছেন। আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানসহ ৫-৭ জনের একটি পারিবারিক বহর নিয়ে কক্সবাজার বেড়াতে এসে সৈকত তীরের হোটেলে ওঠেন। সেখানেই বৃহস্পতিবার সকালের কোনো এক সময় স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এসময় সন্তানদের মেরে স্ত্রী আত্মহত্যার হুমকি দিলে আরজে কিবরিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। কল পেয়ে কক্সবাজার সদর থানার একটি টিম হোটেলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালান। পরে নিরাপত্তার স্বার্থে আরজে কিবরিয়াকে জিডি করার পরামর্শ দেয় পুলিশ।
৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার এসআই ইফতেখার জানান, ‘বৃহস্পতিবার বেলা ১টার দিকে আরজে কিবরিয়া নামে একজনের কল পেয়ে কলাতলী এলাকার সৈকত তীরের একটি তারকা হোটেলে যাই। পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কির বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হয়। এরপরও ভবিষ্যত প্রয়োজনে স্বামী আরজে কিবরিয়া একটি জিডি করতে চাইলে তাকে সহযোগিতা করা হয়েছে।’