প্রবাস মেলা ডেস্ক: ১৯ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে পদাতিক নাট্যসংসদের উদ্যোগে ‘কালোরাত্রি’ নাটকটি মঞ্চস্থ হয়। মহান মুক্তিযোদ্ধের সূচনালগ্নে ২৫ মার্চ ১৯৭১ এ পাকিস্তানী হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইট নামে নেক্যারজনক হত্যাযজ্ঞের নিঃসংশতা এবং মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের গল্প নিয়ে নাটকটির কাহিনী নির্মিত হয়েছে। নাটকটি মঞ্চায়ন শেষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ১২ জন মুক্তিযোদ্ধাকে স্মারক সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানের স্পন্সর হিসেবে মহতি ভূমিকা পালন করেছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. কাজী কামরুজ্জামান। তিনি তার বক্তৃতায় বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে এক ঐতিহাসিক ঘটনা। ৩০ লক্ষ সংগ্রামী বাঙালি জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। অসহযোগ আন্দোলনের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাকিস্তান রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যেভাবে লড়াই করছিলেন তা ভুলবার নয়। অন্যদিকে, ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকা পদাতিক নাট্যসংসদের উদ্যোগে ‘কালোরাত্রি’ নাটকটিতে সেসব বিষয়ের নানাদিক অত্যন্ত সফলভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা প্রশংসার দাবীদার। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে তুলে ধরা উচিৎ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালটির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য কাজী হাবিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ নাসিরুল হক, সংবর্ধিত ১২ জন মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।