প্রবাস মেলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে কোভিড সুরক্ষায় এখন আর কোনো বিধিনিষেধ মেনে চলতে হবে না। করোনা হানা দেয়ার আগে যে পরিস্থিতি বিরাজ করছিল, বর্তমানে সেই পরিস্থিতি পুনরায় ফিরে এসেছে। গত সোমবার থেকে আমিরাত সরকার দেশটিতে করোনামুক্ত স্বাভাবিক পরিস্থিতি ঘোষণা করেছে।
দেশটির জনসাধারণ সম্পূর্ণরূপে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। কেননা, দেশটি কোভিড সুরক্ষার সব বিধিনিষেধ তুলে নিয়েছে।
বর্তমানে দেশটির বাসিন্দা ও পর্যটকদের জন্য মাস্ক এবং কোভিড পরীক্ষার নিয়মও সহজ করা হয়েছে। উপাসনালয় এবং মসজিদসহ সমস্ত খোলা এবং বন্ধ জায়গায় মাস্ক পরা এখন যার যার ব্যক্তিগত পছন্দ হিসেবে থাকবে।
তবে দেশটির স্বাস্থ্য সুরক্ষায় কিছু নিয়ম এখনও জারি রয়েছে। অসুস্থদের জন্য দ্রুত স্বাস্থ্যসেবা এবং কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক রয়েছে। কোভিড ১৯-এ আক্রান্তদের পাঁচ দিন বিচ্ছিন্ন থাকতে হবে।