প্রবাস মেলা ডেস্ক: প্রতিবছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সেই অনুষ্ঠান ঘিরে হয় বেশ আলোচনা-সমালোচনা। অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে পরীমণি নিজের পোশাক দিয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন। তার অনুষ্ঠানের নানা কর্মকাণ্ডের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এবার আর সমালোচনা নয়, শ্বেতশুভ্র পায়রার সাজে জন্মদিনের কেক কাটলেন পরী। ২৪ অক্টোবর ২০২২, সোমবার ৩০-এ পা রেখেছেন এই নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হয়ে গেলো পরীর জন্মদিন পালনের জমকালো আয়োজন। দুই মাস বয়সী ছেলে ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে করে চমক নিয়েই হাজির হন পরী।

পরীমণির কস্টিউম ডিজাইনার জেএস জিমিও বলেন, গতবার আমি ছিলাম না। তাই পরীর ড্রেস নিয়ে অনেক সমালোচনা হয়েছে। পরীর কথামতো আমি শান্তির প্রতীক পায়রার রূপে ড্রেসটার ডিজাইন করার চেষ্টা করেছি।
এদিকে পরীর জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি।
এছাড়া অনুষ্ঠানে চমক ছিলো পরীমণির বদলে যাওয়া নিয়ে প্রায় ১৫ মিনিটের একটি ডকুমেন্টারি। যা বানিয়েছেন পরী নিজেই। এতে উঠে এসেছে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তানের জন্ম সহ পরীর বদলে যাওয়ার কাহিনি।
পরীর এবারের জন্মদিনের অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন নায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক এসএ হক অলিক ও রায়হান রাফি, রাশিদ পলাশ।