প্রবাস মেলা ডেস্ক: অভিনেত্রী রঞ্জিতা অসুস্থ। তার বাঁ পা এবং বাঁ হাত অবশ হয়ে গেছে। কিন্তু চিকিৎসা করার আর্থিক অবস্থা তার নেই। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আশির দশকের এই নায়িকা।
গত ২৮ সেপ্টেম্বর ২০২২ স্ট্রোকে আক্রান্ত হন রঞ্জিতা। কিন্তু এখনও তিনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেননি। বিষয়টি উল্লেখ করে রঞ্জিতা জানান, এই অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর মতো তার কেউ নেই। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
৮০-এর দশকে নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা-৮৬’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রঞ্জিতার। এরপর ‘জ্বিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’, ‘মরণ লড়াই’সহ অসংখ্য হিট ছবির নায়িকা তিনি। এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েল রঞ্জিতার বড় ভাই।