প্রবাস মেলা: ২১ আগস্ট (রবিবার) আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবাস মেলা অফিস ভিজিট করেছেন নন্দিত বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। এসময় তিনি প্রবাস মেলার কলাকুশলীদের সাথে চলচ্চিত্র জগতে তার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা, বর্তমান কাজের ব্যস্ততা ও দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার কথা শেয়ার করেন। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
প্রসঙ্গত, অমিতাভ রেজা চৌধুরী প্রায় হাজার খানেক টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এছাড়া তিনি প্রচুর টিভি নাটকও নির্মাণ করেন। ২০০১ সালে হাওয়া ঘর নাটকের মাধ্যমে তার নাট্য নির্মাণ শুরু হয়।

রেজা তার বিজ্ঞাপন নির্মাণ কাজের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন-এর নাম ‘হাফ স্টপ ডাউন’। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অপরাধধর্মী থ্রিলার এই চলচ্চিত্রটি দেশে রেকর্ডসংখ্যক ব্যবসা করে। ২০১৮ সালে আয়নাবাজি জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। সেটিও ব্যাপক ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে আগরতলা মামলাকে কেন্দ্র করে ইতিহাসনির্ভর ‘১৯৬৯’ছবি নিয়ে কাজ করছেন অমিতাভ রেজা। এ ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন এই নন্দিত নির্মাতা। আগামী বছর থেকে এর শুটিং শুরু হবে। এর প্রযোজক হিসেবে আছেন মাহজাবিন চৌধুরী। অমিতাভ রেজার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জে, তবে তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় নানাবাড়িতে। তিনি বড় হয়েছেন ঢাকার হাতিরপুলস্থ ভূতের গলিতে। অমিতাভ সানফ্লাওয়ার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর ঢাকার বিএএফ শাহিন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ভারতের পুনে ইউনিভার্সিটি থেকে ইকনোমিকস এ গ্রাজুয়েশন করেন।